নীল রায়:
ঘরেই প্রশ্নের মুখে মমতার পরিবারতন্ত্র! শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে “জনমানসে নেতাজি সুভাষচন্দ্র বোস অত্যন্ত সম্মানিত ও সমাদৃত ব্যক্তিত্ব হলেও স্বাধীনোত্তর ভারতের কোনো সরকারই তাঁর দেখানো পথ অনুসরণ করছে না কেন?” শীর্ষক আলোচনা সভার একটি পর্বে ভারতীয় রাজনীতিতে পরিবারতন্ত্র কায়েমের কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এই যে আমরা ভোট দিই। এখনও আমরা তাদেরই ভোট দিচ্ছি। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চাইছেন। তাদেরই ভোট দিয়ে যাচ্ছি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু কখনো ভাবেননি তারপর তাঁর পরিবার এসে ক্ষমতায় বসবে। রবীন্দ্রনাথ ঠাকুর কখনো চিন্তা করেননি বিশ্বভারতী তারপর পরিচালনা করবেন তাঁর পরিবারের সদস্যরা। স্বামী বিবেকানন্দ চিন্তা করেননি বেলুড় মঠ তাঁর পরিবারের সদস্যদের হাতে থাকবে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার পর দেখেছি আমাদের দেশের রাজনীতিকরা হয় নিজের মনের মতো কোনো লোক কিংবা নিজের পরিবারের সদস্য দিয়ে বিভিন্ন বড় পদে বসিয়েছেন। সুভাষচন্দ্র বসু, ভগত সিংহ-রা স্বাধীনতা আন্দোলনের জন্য যারা প্রাণ দিয়েছেন তাঁদের মধ্যে এমনটা দেখা যায়নি।”
প্রসঙ্গত, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের ব্যাটন বর্তমানে তুলে দিয়েছেন তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। যিনি এখন একাধারে দলের যুব সংগঠনের সভাপতি ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ। এদিন কার্তিকের নিশানা কি সেদিকেই? প্রশ্ন রাজনৈতিক মহলে।
এদিনের সভার উদ্যোক্তা ছিলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সংগঠন বিবেক। এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল প্রাক্তন ব্রিগেডিয়ার দেবাশীষ দাসকেও। সভামঞ্চে বক্তৃতা করতে উঠে প্রাক্তন ব্রিগেডিয়ার দেবাশীষ দাস মোদি সরকারের পাকিস্তানের বালাকোটের এয়ার স্ট্রাইকের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, “আমি সেনাবাহিনীতে দীর্ঘ বছর কাজ করেছি। কিন্তু কখনো কোন রাজনৈতিক প্রভাব আমাদের ওপর খাটানো হয়নি। সেনা যা বলে তা করেই বলে। যা দাবি করে তা কিছু করার পরই দাবি করে।”
প্রসঙ্গত, বালাকোট ভারতীয় বায়ুসেনার বিমান হামলার পরে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন ব্রিগেডিয়ার দেবাশীষ দাস যখন এই কথাগুলো মঞ্চে বলছিলেন তখন মঞ্চের নিচে দর্শকদের আসনে বসে হাততালি দিতে দেখা যায় কার্তিক বন্দ্যোপাধ্যায়কেও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news