নিজস্ব সংবাদদাতা:
বানতলা চর্মনগরীতে খুন। ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংস ভাবে খুন করা হল একটি ট্যানারির ম্যানেজার কাম সুপারভাইজারকে। মৃতের নাম সিরাজ মোল্লা (৫০), বাড়ি বাসন্তী থানা এলাকায়। পুলিশের অনুমান, বচসার জেরেই কেউ সিরাজকে ভারী বস্তু দিয়ে আঘাত করে, পরে ধারলো ছুরি দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপায়।
সিরাজের মুখে অসংখ্য ক্ষত চিহ্ন পেয়েছে পুলিশ। লেদার কমপ্লেক্স থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর রয়কো ট্যানারিস প্রাইভেট লিমিটেড নামে কোম্পানিটে সিল করে দিয়েছে পুলিশ। তদন্তের জন্য ইতিমধ্যেই কারখানার দুই মালিক মহম্মদ জোয়েব ও খালিদ ফিরোজকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
রবিবার সকাল থেকে ফোন বন্ধ ছিল সিরাজের। পরিবারের লোকেরা বারবার ফোন করেও যোগাযোগ করতে পারেনি। শেষে বাসন্তী থেকে বানতলার কারখানায় চলে আসেন সিরাজের বড় ছেলে সাইফুদ্দিন মোল্লা। সে কারখানায় গিয়ে দেখে বাবার ঘরে তালা মারা। জানলার ফাঁক দিয়ে দেখতে পায় ঘরের মেঝেতে বাবার রক্তাক্ত দেহ পড়ে। এরপর খবর যায় থানায়। পুলিশ দরজা ভেঙে সিরাজের দেহ উদ্ধার করে। পুলিশ দেখে গলার কাছে গভীর ক্ষত। গালের এক পাশ কাটা দাগ। ঘাড়ে কালসিটে পড়ে গেছে। তদন্তকারীরা জানতে পেরেছে বাসন্তীর নতুনহাটে সিরাজের বাড়ি। সেখানকার আরও কয়েকজন ওই একই কারখানায় কাজ করে। তাঁদের সঙ্গে জমি জায়গা নিয়ে বিবাদ ছিল। এনিয়ে বাইরের চায়ের দোকানে বেশ কয়েকবার সিরাজের সাথে অন্যদের বচসা হয়েছিল। এর জেরেই হয়তো কারখানার কোন শ্রমিক এই খুন করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news