নিজস্ব সংবাদদাতা:
হরিয়ানা থেকে লুকিয়ে হোটেলের বাথরুমে ঢুকে ফেসবুক লাইভে দিদির কাছে ভাইয়ের কাতর আর্তি, “আমাকে ওরা মেরে ফেলবে, আমি আর বাঁচতে পারবনা। তুই মা ও ভাইকে দেখিস। আমার খুব ভূল হয়ে গেছে।” ঠিক তার দুঘন্টা বাদেই পাশের বিল্ডিংএ মিলল সেই ভাই নাসিম হকের মৃতদেহ।
নাসিমকে মেরে খুন করে ফেলার অভিযোগ উঠল নাসিমের প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। যদিও নাসিমের প্রেমিকা সালেমা নিজেও ফেসবুক লাইভে ভিডিওতে জানিয়েছে, তাঁর বাবা অন্য জায়গায় তাঁর বিয়ে দিয়ে দিচ্ছিল। সে নাসিমকে ভালোবাসে তাঁকেই বিয়ে করবে বলে নিজের ইচ্ছাতেই নাসিমের সাথে পালিয়ে এসেছে। বাড়ি থেকে আসার সময় কোনও টাকা পয়সা বা সোনার গহনা কিছুই আনেনি সে। এর পরেও নাসিমের এভাবে মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ঝাড়বাড়ি এলাকায়। অভিযোগ ধরা পড়ার পর নাসিমের ওপর চরম অত্যাচার করেছে সালেমার পরিবারের লোকজন। নাসিমের পরিবার প্রেমিকা সালেমার বাবা, কাকা ও দাদাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ নাসিমের মৃতদেহ আনার ব্যাবস্থা করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
তাঁদের সম্পর্ক মেনে নেবেনা, তাই বাড়ি থেকে বেশ কিছুদিন আগেই পালিয়ে হরিয়ানা চলে গিয়েছিল চোপড়ার ঝাড়বাড়ি গ্রামের প্রেমিক-প্রেমিকা উমে সালেমা ও নাসিম হক। সালেমার পরিবারের পক্ষ থেকে নাসিমের নামে চোপড়া থানায় অভিযোগও দায়ের করে। পাশাপাশি তারা নিজেরাও খোঁজ শুরু করে তাঁদের। দু’দিন আগে প্রেমিকার বাড়ির লোকের হাতে ধরা পড়ে তারা। হরিয়ানার একটি হোটেল থেকে তাঁদের খুঁজে পায় সালেমার বাড়ির লোকজন। অভিযোগ, এরপর ওই হোটেলেই শুরু হয় নাসিমের ওপর সালেমার পরিবারের লোকজনের অত্যাচার। অত্যাচারের মাঝেই একফাঁকে হোটেলের বাথরুমে ঢুকে দিদির মোবাইলে ফেসবুক ভিডিও লাইভে তার দুর্দশার কথা জানায় নাসিম। তাঁকে যে মেরে ফেলা হবে সেই আশঙ্কার কথা দিদিকে জানায় সে। নাসিমের এই ফেসবুক লাইভ ভিডিওর পাশাপাশি তাঁর প্রেমিকা সালেমারও ফেসবুক লাইভ পাওয়া যায়। তাতে সালেমা জানায় সে নিজের ইচ্ছাতেই নাসিমের সাথে এসেছে। এরপর কিভাবে নাসিমের মৃত্যু হল তা নিয়েই ধোঁয়াশা দেখা দিয়েছে।
নাসিমের মা জানিয়েছেন, সাইন বলে গ্রামেরই এক ব্যাক্তি জানায় ছেলে নাসিমকে ফিরিয়ে আনতে ৫০ হাজার টাকা লাগবে। তিনি সেই টাকাও তুলে দিয়েছিলেন সাইনের হাতে। কিন্তু ছেলেকে আর ফিরে পেলেন না। তাঁর অভিযোগ সালেমার বাবা রেজেদুল, কাকা মুস্তাকির এবং গুলজার ও সাইন মেরে ফেলেছে তাঁর ছেলে নাসিমকে। চোপড়ার ঝাড়বাড়ি গ্রামের এই ঘটনায় এলাকায় বাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে চোপড়া থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news