নীল রায়:
বিজেপির আসন সংখ্যা কত হবে তাই নিয়ে নাকি বেজায় দুশ্চিন্তায় পিসি-ভাইপো!
মাসখানেক আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো দাবি করেছিলেন, রাজ্যের কমপক্ষে ১৪-১৫ টি আসনে ম্যানিপুলেশনের চেষ্টা করছে বিজেপি। আর শুক্রবার বালুরঘাটের প্রচার সভায় ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “এ রাজ্য থেকে যদি বিজেপি ২০টির কম আসন পায় তাহলে সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে এ মিডিয়ার সামনে কান ধরে ওঠবস করতে হবে।” এখানেই থেমে না থেকে তাঁর আরও বক্তব্য, “যদি বিজেপি কুড়ির বেশি আসন বাংলা থেকে পেতে পারে তাহলে আমি কান ধরে ওঠবস করব।” পিসি ভাইপোর এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলের প্রশ্ন, বাংলায় বিজেপি ১৫-২০টি আসন পেতে পারে, এমন আশঙ্কাই কি করছেন তারা?
মাস ছ’য়েক আগে পর্যন্ত তৃণমূল শীর্ষ নেতৃত্ব দাবি করত বাংলা থেকে শূন্য হাতেই ফিরতে হবে বিজেপিকে। যার অর্থ ছিল, দার্জিলিং ও আসানসোল লোকসভা আসনে বিজেপি পরাজিত হবে। কিন্তু, মাস খানেক ধরেই পিসি-ভাইপোর কথাবার্তায় আমূল পরিবর্তন এসেছে। বিজেপি শূন্য হওয়ার বদলে, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সাংসদ ভাইপো বলে বেড়াচ্ছেন ১৫-২০টি আসনে বিজেপির আস্ফালনের কথা।
উল্লেখ্য, কেন্দ্রীয় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে শুরু করে বিজেপি নেতা মুকুল রায় বাংলায় ২৩টি আসন জয়ের কথা বলছেন। মাস ছয়েক আগে পর্যন্ত বিজেপি নেতৃত্বের এমন দাবির সারবত্তা শুন্য বলে মনে করছিলেন অনেকেই। এখন মুখ্যমন্ত্রী ও তাঁর সাংসদ ভাইপোর বারবার ১৫-২০টি আসন নিয়ে মন্তব্য করায় জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, দার্জিলিং ও আসানসোল আসন গেরুয়া শিবির ধরে রাখার পাশাপাশি, এবারের ভোটে বিজেপির পক্ষে রাজ্যে কমপক্ষে ১০-১৫ টি আসন সম্ভাবনাময়।
বৃহস্পতিবার কোচবিহার ও আলিপুরদুয়ার ভোট সম্পন্ন হয়েছে। এই দুটি আসনে ইতিবাচক ফল আশা করছেন মুকুল রায়-দিলীপ ঘোষরা। সঙ্গে বালুরঘাট, মালদা উত্তর, রায়গঞ্জ, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, ব্যারাকপুর, রানাঘাট, বনগাঁ, ও উত্তর কলকাতার মত আসনগুলিতেও পদ্মফুল ফুটতে পারে বলে আশা করছে বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের এমন অনুমানের কথা সম্ভবত জানেন মমতা-অভিষেক। শোনা যাচ্ছে পুলিশ রিপোর্টও মমতাকে খুশি করছে না।
সে যাই হোক। ভোট শুরু হওয়ার আগে ও অব্যবহিত পরে বিজেপিকে পিসি দিলেন ১৪ আসন, ভাইপো দিলেন ২০! এমনটাই মনে করছে রাজ্যের রসিক রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news