চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
পশ্চিম পাকিস্তানের ৫০-এর বেশি শরণার্থীকে বাসস্থানের শংসাপত্র প্রদান করল জম্মু-কাশ্মীর প্রশাসন। বাল্মীকি ও গোর্খা সম্প্রদায়ের ওই শরণার্থীরা দীর্ঘদিন ধরে জম্মু-কাশ্মীরে বসবাস করছেন। তবে নতুন আইন অনুসারে এখনই ওই বাসিন্দাদের পূর্ন নাগরিকত্ব দেওয়া না হলেও পূর্ন নাগরিকদের মতো মর্যাদা পাবেন তাঁরা।
শনিবার একটি বিশেষ শিবিরে গিয়ে শংসাপত্র প্রদান করেন জম্মুর কমিশনার সঞ্জীব বর্মা। সরকারি তরফে জানানো হয়েছে, সুবিধাভোগীরা আরএস পুরা, বিষনাহ, বাহু এবং দক্ষিণ জম্মুর বিভিন্ন অঞ্চলে বর্তমানে বসবাস করছেন। ১৯৪৭ সালে দেশভাগের পর এই পরিবারগুলি পশ্চিম পাকিস্তান থেকে জম্মুর বিভিন্ন অঞ্চলে এসেছিল। এর মধ্যে বাল্মীকি সম্প্রদায়ের মানুষকে ১৯৫৭ সালে পঞ্জাবে সাফাইয়ের কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এখন থেকে তাঁরা স্থায়ী বাসিন্দাদের মতো সুযোগ-সুবিধা ভোগ করবেন।
নতুন নিয়ম অনুসারে, এই কেন্দ্রশাসিত অঞ্চলে যাঁরা ১৫ বছর ধরে বসবাস করছেন বা কারও সন্তান ৭ বছর ধরে স্কুল বা কলেজে পড়াশুনা করছেন বা দশম অথবা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছেন তাঁরাই বসবাসের শংসাপত্র পাবেন। এছাড়া কেন্দ্রীয় সরকারি পদে বা ব্যাংক বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পদে ১০ বছরের বেশি সময় ধরে কাজ করছেন এমন পরিবারের সদস্যরাও এই শংসাপত্র পাওয়ার অধিকারী। নয়াদিল্লির এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, নয়াদিল্লির এই সিদ্ধান্তের ফলে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের মধ্যে এর প্রভাব পড়বে।
২০১৯-এ ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এই বাসিন্দাদের ভোট দেওয়ার অধিকার ছিল না। কিন্তু এখন থেকে তাঁদের সেই অধিকারও দেওয়া হয়েছে। অন্যদিকে নতুন এই আইনের বিরোধিতা করছেন পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স পার্টির নেতারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news