চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাওকে সম্মান জানাতে তাঁর নামে স্মারক ডাকটিকিট প্রকাশের সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। রবিবার রাওয়ের ৯৯ তম জন্মবার্ষিকী যাওয়ার একদিন পরই মোদী সরকারের এই সিদ্ধান্ত।
রাও ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। সংখ্যালঘু কংগ্রেসকে সঙ্গে নিয়ে একটি জোট সরকারের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। গাঁধী পরিবারের বাইরে তিনিই প্রথম প্রধানমন্ত্রী হিসাবে পুরো মেয়াদ শেষ করেছিলেন। এ ছাড়া দক্ষিণ ভারত থেকে আগত তিনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন।
২৮ জুন রাওয়ের জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করেন পি ভি নরসিমহা রাওকে ভারতরত্নে সম্মানিত করার জন্য।
এর আগে মাসিক “মন কি বাত” রেডিও ভাষণে নরসিমহা রাও সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, “ভারতীয় মূল্যবোধের সঙ্গে জড়িত ছিলেন রাও। পাশ্চাত্য সাহিত্য এবং বিজ্ঞান সম্পর্কে তাঁর অগাধ জ্ঞান ছিল। খুব সাধারণ পরিবার থেকে এসেছিলেন তিনি। পড়াশোনার প্রতি জোর, শেখার ইচ্ছাশক্তির পাশাপাশি তাঁর নেতৃত্বের ক্ষমতা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।” রাওয়ের আমলে ভারতীয় অর্থনীতি উদার হয়েছিল বলেও জানান মোদী।
প্রসঙ্গত, অনেক সমালোচকের যুক্তি, কংগ্রেস কখনও যথাযথ মর্যাদা দেয়নি নরসিমহা রাওকে। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর ২৪ আকবর রোডে কংগ্রেস সদর দফতরের মধ্যে তাঁর মৃতদেহ পর্যন্ত নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি কংগ্রেস। উল্লেখ্য, বর্তমানে রাওয়ের নাতি এন ভি সুভাষ বিজেপির তেলঙ্গানা ইউনিটে রয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news