চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
গ্যাংস্টার বিকাশ দুবেকে এনকাউন্টারে হত্যা করার জন্য উত্তরপ্রদেশ পুলিশকে সমর্থন জানাল শিবসেনা। পাশাপাশি একজন কুখ্যাত অপরাধীকে হত্যা করার জন্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় বলেও জানিয়েছে।
আজ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, “বিকাশ দুবেকে এনকাউন্টার করার জন্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করা উচিত নয়। তবে হ্যাঁ, কিভাবে এনকাউন্টার করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন করা যেতে পারে। যে রাজ্যে ৮ জন পুলিশ কর্মীকে খুন করা হয়েছে, সেই রাজ্যে একজন এনকাউন্টার খুন করা নিয়ে এত প্রশ্ন তোলা উচিত নয়।” সঞ্জয় রাউতের এই মন্তব্য বিজেপি বিরোধীদেরই নিশানা করছে। তার কারণ ডন বিকাশ দুবের এনকাউন্টারের ঘটনা সামনে যোগী আদিত্যনাথ সরকারের বিরোধিতা করতে নেমে পড়ে কংগ্রেস, সপা, বসপা ও তৃণমূল।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইট করে বলেন, “বিকাশ দুবে যে কানপুর পৌঁছতে পারবে না, আগে থেকেই অনেকে আশঙ্কা করেছিলেন। এবং তা-ই হল।” বসপা নেত্রী মায়াবতী এই ঘটনায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন। তিনি টুইট করে বলেন, ‘‘কানপুর পুলিশ হত্যাকাণ্ডের পাশাপাশি, বিকাশ দুবের গাড়ি উল্টে যাওয়া এবং পুলিশের হাতে তার মৃত্যু, সুপ্রিম কোর্টের নজরদারিতে সমস্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।’’ প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, ‘‘আসলে গাড়ি ওল্টায়নি। রহস্য ফাঁস হয়ে গেলে সরকার উল্টে যেত। সেটা ঠেকানো গিয়েছে।” একইভাবে যোগী সরকারের সমালোচনা করেছে তৃণমূলও। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র টুইট করে বলেন, “বিচার করা আদালতের কাজ। পুলিশের কাজ অভিযুক্তকে আদালতে পৌঁছে দেওয়া। দেখে তাজ্জব অবাক যে, বিজেপি শাসিত ভারতে দু’টোর ভূমিকা বদলে গিয়েছে।’’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news