নীল রায়:
ভোটে দাঁড়ালেন না তৃণমূলের বক্সিদা! যিনি একদিকে দলের রাজ্য সভাপতি, আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। তাই শাসক দলের এমন একজন গুরুত্বপূর্ণ নেতা ভোটে না দাঁড়ানোয় প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, স্পন্ডিলাইটিস মারাত্মক বেড়েছে সুব্রতর। আর তার সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছিল পায়ের ব্যা্থা। মাস সাতেক আগে সবার অলক্ষ্যে পিজি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছিল সুব্রত বক্সীর। যার ফলে বেশীক্ষন হাঁটতে বা দাঁড়াতে বেশ সমস্যাই হচ্ছিল তাঁর। তাই শারীরিক সমস্যার কারণে নিজে দাঁড়াতে না চেয়ে বেশ কিছু সময় ধরে মুখ্যমন্ত্রীর কাছে ভোটে না দাঁড়ানোর আবেদন করেছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ। নিজেই আগ বাড়িয়ে দক্ষিণ কলকাতায় রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তীর নাম প্রার্থী হিসেবে প্রস্তাব করেছিলেন বক্সী। দিদিও ছিলেন নাছোড়বান্দা। কিন্তু সুব্রত বক্সী নিজের সিদ্ধান্তে অটল থাকায় মত বদল করতে বাধ্য হন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রার্থী তালিকা ঘোষণার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সুব্রত বক্সী দলের কাজ করতে চান।” বরাবরই প্রচার বিমুখ সুব্রত বক্সী সাংসদ হিসেবে সংসদে প্রায় নীরব থাকতেন। বরং রাজ্যে সংগঠন দেখভালে তাঁর “ধমক” কর্মী মহলে বিখ্যাত। এমন একজন নেতা ভোটযুদ্ধে না থাকায় কর্মী মহলও বেশ বিস্মিত। তবে, তৃণমূল শিবিরে গুঞ্জন, মেদিনীপুর লোকসভায় মানস ভুঁইয়া জয়ী হলে, তার রাজ্যসভার আসনে আবারও ভারতীয় সংসদে প্রত্যাবর্তন হবে বক্সীদার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news