চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ওঁর ‘ভুল’ ছিল, তাই এটাই ওঁর ‘প্রাপ্য’। নিজের স্বামীর শেষকৃত্যে উপস্থিত হয়ে রেগে গিয়ে বললেন গ্যাংস্টার বিকাশ দুবের স্ত্রী রিচা দুবে।
শুক্রবার ভৈরঘাট শ্মশানে এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টার বিকাশ দুবের শেষকৃত্যে উপস্থিত ছিলেন স্ত্রী ও পুত্র। নিজের স্বামীর মৃত্যু প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে, রাগান্বিত হয়ে স্ত্রী রিচা দুবে বলেন, “হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিকাশ ভুল করেছিল এবং তাঁর এটাই প্রাপ্য ছিল।” একইসঙ্গে তিনি নিজের স্বামীর এনকাউন্টারে মৃত্যুর জন্য সংবাদমাধ্যমের কর্মীদের দায়ী করে শ্মশান থেকে চলে যেতে বলেন। বিকাশের শেষকৃত্যের পরে স্ত্রী ও ছেলেকে পুলিশ গাড়িতে করে অন্যত্র নিয়ে চলে যান।
বিশাল পুলিশি ঘেরাটোপে শুক্রবার রাতে বিকাশে শেষকৃত্য সম্পন্ন হয়। আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের শেষকৃত্যে হাজির থাকতে অনুমতি দিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। কিন্তু স্ত্রী, পুত্র ও শ্যালক ছাড়া কেউই উপস্থিত ছিলেন না। আগেই নিজের ছেলের শেষকৃত্যে উপস্থিত থাকবে না বলে জানিয়ে দিয়েছিলেন বিকাশের বাবা রাম কুমার দুবে। এমনকি পুলিশের সিদ্ধান্তের বিরোধিতাও তিনি করেননি।
প্রসঙ্গত, ২ জুলাই ৮ জন পুলিশ কর্মী খুন করে ফেরার ছিল ডন বিকাশ দুবে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে ধরা পড়ে বিকাশ। শুক্রবার ভোরে নিয়ে আসার সময় কানপুরের কাছে হাইওয়েতে পুলিশের কনভয় উল্টে যায়। সেখান থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে এনকাউন্টারে মৃত্যু হয় প্রখ্যাত বিকাশ দুবের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news