চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
রাজ্য একটি, কিন্তু রাজধানী তিনটি। আর তিনটি রাজধানীতেই সীলমোহর দিলেন রাজ্যপাল। অন্ধ্রপ্রদেশ সরকারের দাবি মতো রাজ্যের তিনটি রাজধানীর নামে সম্মতি দিলেন রাজ্যপাল বিশ্বভূষণ হরিচরণ। কিন্তু সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জানাল বিরোধীরা। যাকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তপ্ত অন্ধ্রপ্রদেশের রাজনীতি।
অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী অমরাবতী থেকে রাজধানী অন্যত্র সরানোর জন্য বিল নিয়ে আসেন জগনমোহন রেড্ডির সরকার। সরকারি সূত্রে খবর, বর্তমান রাজধানী শহর অমরাবতী থেকে নতুন রাজধানী উপকূলীয় শহর ভাইজাগ করা হবে। এবং আলাদাভাবে বিচারসংক্রান্ত রাজধানী করা হবে কুরনুলকে। শুক্রবার রাজ্য সরকারের বিলে সই করেন রাজ্যপাল। ফলে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ভাইজাক বলে স্বীকৃত হবে। তবে সরকারের এই সিদ্ধান্তে রাজ্য জুড়ে বিক্ষোভ শামিল হয়েছে টিডিপি, বাম সহ অন্য বিরোধীরা। কিছু কৃষক সংগঠনও এর বিরোধিতা করেন। সরকারের এই সিদ্ধান্তকে তুঘলকি বলেও তোপ দাগেন তারা। প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু রাজধানী সরানো নিয়ে গণভোটের দাবি তোলেন।
রাজ্যপালকে আক্রমণ করে তিনি বলেন, “এটা সরকারের ঐতিহাসিক ভুল। এই সিদ্ধান্ত ২০১৪ সালের অন্ধ্রপ্রদেশ পূর্নগঠন আইনের বিরোধী। রাজ্যের সাংবিধানিক প্রধান নিজেই আইন লঙ্ঘন করছেন। তাহলে রাজ্যের মানুষ কিভাবে ন্যায়বিচার পাবেন।” একইসঙ্গে তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি বিরোধী থাকাকালীন এই সিদ্ধান্তের কথা জানাননি কেন। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যের কৃষকরাও বিরোধিতা দেখান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news