নিজস্ব সংবাদদাতা। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত যোগ দিতে চলেছেন বিজেপিতে। সম্প্রতি এমন সম্ভাবনা জোরালো হয়েছে। দীর্ঘ ২-৩ বছরের জল্পনা ছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী যোগ দিতে পারেন ভারতীয় জনতা পার্টিতে। অবশেষে সেই জল্পনা অনেকটাই সত্যি হতে চলেছে। বিজেপির একটি সূত্র জানিয়েছে, বাংলা চলচ্চিত্রের এই সময়ের মেগাহিট নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের গেরুয়া শিবিরে যোগদান এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। সূত্রের খবর, ইতিমধ্যেই দিল্লিতে কৈলাশ বিজয়বর্গী, মুকুল রায়, দিলীপ ঘোষ এবং অরবিন্দ মেননের সঙ্গে ঋতুপর্ণার বেশ কয়েকবার বৈঠক করেছেন। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী সপ্তাহ কিংবা বা আগামী মাসেই দিল্লিতে পদ্ম প্রতীকের পতাকা হাতে তুলে নেবেন বলে সূত্রের খবর, যদিও ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে বিজেপির সম্পর্ক নতুন নয়। এর আগে ২০১৬-১৭ সালে রোজভ্যালি কাণ্ডে তাঁর স্বামী সঞ্জয় সেনগুপ্তের নাম উঠেছিল। সঙ্গে গৌতম কুন্ডুর যোগ রয়েছে কথাও প্রকাশ্যে এসেছিল। তখনও সল্টলেকে দিলীপ ঘোষের বাড়িতে ঋতুপর্ণা এক বৈঠকও করেছিলেন বলে খবর সামনে এসেছিল। কিন্তু দীর্ঘদিন তাঁর সঙ্গে বিজেপির যোগের খবর জোরালো ভাবে সামনে আসেনি। লোকসভা ভোটে সাফল্যের পর রাজ্যে নানা স্তরের মানুষ বিজেপিতে যোগ দিতে আগ্রহী। সেই পথ ধরেই ঋতুপর্ণার সঙ্গে একপ্রকার পাকাপাকি কথাও হয়েছে বিজেপির দিল্লি নেতৃত্বের। যদিও একথা এখনি কেউ স্বীকার করছেন না। এ বিষয়ে জানতে ঋতুপর্ণাকে ফোন করা হলে তাঁকে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, “অনেকেই যোগাযোগ রাখছেন। তবে, ঋতুপর্ণা দলের সঙ্গে কোনও যোগাযোগ করেছেন বলে আমার জানা নেই। তবে উনি যদি যোগ দিতে চান সেটা স্বাগত তবে সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব নেবে।” যদিও নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক রাজ্য নেতার কথায়, “ওনার সঙ্গে কথা অনেকটাই সম্পূর্ণ।উনি বিজেপিতে আসছেন। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।” সূত্রের খবর, মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে সোমবার বৈঠক করেন ঋতুপর্ণা। গত কয়েকদিন ধরে দিল্লিতেই ছিলেন তিনি। বুধবার রাতে দিল্লি থেকে কলকাতা ফেরার কথা তাঁর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news