দেবক বন্দ্যোপাধ্যায়ঃ

অনশন আন্দোলনের ন্যূনতম সম্মানটুকুও কী মমতা-সরকারের থেকে আশা করে যায় না! আজকের মুখ্যমন্ত্রী, সেদিনের বিরোধী নেত্রীর ২৬ দিনের অনশনের কাহিনী এখন স্কুল পাঠ্য। কে বলতে পারে অনশনের অনুপ্রেরণা আজকের প্রতিবাদীরা জেনে কিংবা অজান্তেই তাঁর থেকে পেয়েছে! নিজেদের মাথার ওপর একটি সুরক্ষিত ছাদ ও চারপাশে চারটি সুরক্ষিত দেওয়ালের দাবি ছাত্রদের। তাঁদের দাবি ন্যায্য কিনা সরেজমিনে দেখেছে সরকার বাহাদুর? দেখে ঠিক সিদ্ধান্ত নিক। নাকি এই ছাত্রদের দাবিকে মান্যতা দিলে সরকারের উন্নয়নের ঝাঁ চকচকে প্রচারে কালি লাগতে পারে! তাই ছাত্রদের অনশনে কর্ণপাত করতে চাইছে না শাসক। অনিকেতদের অনশন কী ঘেঁটে দিচ্ছে কসমেটিক উন্নয়নের কাজল! বুঝিয়ে দিচ্ছে হাসপাতালের সামনে ঢাউস গেট তৈরি করে দিলেই উন্নয়ন হয় না, মানুষের চেখে ভেলকি ধরিয়ে উন্নয়ন নামক রাজনীতির প্রচার মাত্র হয়!
মুখ্যমন্ত্রীর অনশনকে যে সরকার ও শাসক দল সর্বদা মহিমান্বিত করে, তারা যদি আজ মেডিকেল ছাত্রদের অনশন ভাঙতে বল প্রয়োগ করে তাহলে তা হবে এই সরকারের নবতম লজ্জা। ভাবার কোনও কারন নেই যে লজ্জাবোধ না থাকলে লজ্জা থাকবে না। সে তার মতো করে জমা হয়।
রাজ্যের বুদ্ধিজীবীদের কাছে আর খুব বেশি আশা করার নেই। জয় গোস্বামীর একটি পংক্তি মনে পড়ছে। দাঁড় করিয়ে রাখে /আমাকে ভাঁড় করিয়ে রাখে / ভাঁড়ের ভেতর পুরবে বলে /আমাকে ভাঁড় করিয়ে রাখে…
বুদ্ধিজীবীরা এখনই ভাঁড়ের ভিতর থেকে বেরিয়ে, নিজেদের জমা রাখা মেরুদণ্ড মহাজনের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে, যথাস্থানে সেটি লাগিয়ে আবার সোজা হয়ে দাঁড়াতে পারবেন এমন দুরাশা করি না। সাধারণ মানুষ আর কতদিন নেহাৎ সাধারণ হয়ে থাকবেন? তারা কি একবার মাথা তুলতে পারেন না? কবির মৃত্যু মাসে একবার মনে মনে বলুন না, ‘একত্রে দাঁড়াও দেখি সবে /যার ভয়ে ভীত তুমি /সে অন্যায় ভীরু তোমা চেয়ে…
তবু শঙ্খবাবুকে অনুরোধ করি। অনশনরত ছাত্রদের জন্য যদি এই বিশাল পুলিশ বাহিনী হয় তবে একবার কলমটা ধরুন! মৃদুলদাকে বলি, দাদা এখনও কি সময় হয় নি? জয়দা, আপনাকেও বলি, সন্তানসম, ভ্রাতৃসম, ভগ্নীসম ছাত্রদের জন্য একবার গলা তুলুন।
মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলি, যে পথ দিয়ে এতদুর এলেন সে পথ একবার পিছন ফিরে দেখুন না। দেখলে বুঝবেন ওই অনশনরত ছাত্রদের মধ্যে অতীত-মমতা বসে আছে। সেই মমতা ওদের সঙ্গে কথা বলছে। সমস্যাটা বুঝতে চাইছে। নব্য মমতাকে বলুন, অতীত-মমতাকে জিজ্ঞাসা করতে ওদের সঙ্গে কি করা উচিত।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news