চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
স্বাধীনতা সংগ্রামী ঝাঁসির রানী লক্ষীবাঈয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধ্যপ্রদেশে চলল বিজেপি কংগ্রেস টানাপড়েন। লক্ষীবাঈয়ের মৃত্যুবার্ষিকী এর আগে কোনওদিন পালন করেনি কংগ্রেস। কিন্তু এ বছর থেকে লক্ষীবাঈয়ের মৃত্যুবার্ষিকী পালন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ফলে এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে মধ্যপ্রদেশের রাজনীতির অন্দরে। কারণ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যতদিন কংগ্রেসে ছিল ততদিন কংগ্রেস এই অনুষ্ঠান পালন করেনি। কিন্তু আজ জ্যোতিরাদিত্য বিজেপিতে যাওয়ায় কেন অবস্থান বদল করল কংগ্রেস।
ইতিহাসবিদদের মতে, ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সময় সিন্ধিয়া রাজবংশ ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েছিল। ফলে ওই বিদ্রোহে প্রাণ যায় ঝাঁসির রানী লক্ষীবাঈয়ের। সিন্ধিয়া রাজবংশের উত্তরসূরি জ্যোতিরাদিত্য এতদিন কংগ্রেসে ছিল তাই হয়তো মধ্যপ্রদেশে কংগ্রেস দিনটিকে সেভাবে স্মরণ করেনি। কিন্তু এখন জ্যোতিরাদিত্য বিজেপিতে গিয়েছেন। ফলে নিজেদের অবস্থানও বদল করেছে কংগ্রেস। আবার মধ্যপ্রদেশ বা বিশেষ করে গালিওয়রে এই দিনটি প্রতিবছর গর্বের সঙ্গে পালন করে বিজেপি। এ বছর করোনা সংক্রমণের জেরে সেভাবে বড় করে পালন করতে পারেনি তারা। অথচ জ্যোতিরাদিত্য যখন কংগ্রেসে ছিল তখন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ও বিজেপি নেতারা একাধিকবার অভিযোগ করেন সিপাহী বিদ্রোহের সময় তাঁর পূর্বসূরিরা ব্রিটিশদের সঙ্গে চুক্তি করেছিলেন। যা ভারতের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ছিল।
তবে কংগ্রেসের এই অবস্থান বদলের জন্য যে রাজনীতি রয়েছে, তা এদিন প্রকাশ্যে স্বীকার করে নেন রাজ্য কংগ্রেস নেতারা। এ প্রসঙ্গে ভোপালে দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে রাজ্য নেতাদের যুক্তি, গালিয়র ও চম্বল এলাকার বেশিরভাগ আসনে উপনির্বাচন রয়েছে। এই অঞ্চলেরই বেশিরভাগ বিধায়ককে ভাঙিয়ে বিজেপিতে গিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আবার এই অঞ্চলে রানী লক্ষ্মীবাঈ এর প্রভাব যথেষ্ট রয়েছে। তাই জ্যোতিরাদিত্যকে লক্ষ্য করেই তারা এই অবস্থান বদল করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news