চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের দুই কক্ষের যাবতীয় কাজকর্ম। লকডাউনের জেরে ২৩ মার্চ সংসদের যুগ্ম অধিবেশনের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল লোকসভা (Loksabha) তথা রাজ্যসভার (Rajyasabha) যাবতীয় কাজ। কিন্তু রবিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, সোমবার থেকে পুরোদমে চলবে সংসদের দুই কক্ষের অফিস। সংসদের উচ্চপদস্থ আধিকারিকের অফিসে আসা বাধ্যতামূলক করেছেন স্পিকার ওম বিড়লা। নিচুতলার কর্মীদেরও আসতে হবে, তবে তা হবে রটেশনাল পদ্ধতিতে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ৩৩ শতাংশ কর্মী যেন প্রতিদিন সংসদের অফিসে যোগদান করেন। সচিব ও যুগ্ম-সচিব পর্যায়ের আধিকারিকদের অফিসে আসা বাধ্যতামূলক করা হয়েছে। লোকসভার সচিবালয় থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিসে কাজ করতে এলে মাস্ক পরা বাধ্যতামূলক হবে। সঙ্গে ছয় ফিট দূরত্ব থেকে সতীর্থদের সঙ্গে কথা বলে কাজ করতে হবে। এছাড়াও করো না পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত গাইডলাইন দেওয়া হয়েছে, তা মেনেই অফিস চালাতে হবে।
এক্ষেত্রে আরও একটি নির্দেশ দেওয়া হয়েছে সচিবালয় থেকে, তাতে বলা হয়েছে যাবতীয় ফাইল এর লেনদেন হবে কেবলমাত্র ই-গভর্নেন্সের মাধ্যমে। এখন কোনও কাগজের ফাইল হাত বদল বা দপ্তর বদল করা যাবে না। প্রসঙ্গত, ১৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনার পর ২০ এপ্রিল থেকে সংসদের অফিসের কাজকর্ম শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news