সূর্য সরকার।
এবার সিবিআই হানা প্রশাসনিক স্তরে! বৃহস্পতিবার পর্যটন সচিব তথা প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যের অফিসে হানা দিল সিবিআইয়ের গোয়েন্দারা। ২০১৩ সালে সারধা কর্তা সুদীপ্ত সেন গ্রেফতারের পরে তাদের গোষ্ঠীর একটি টিভি চ্যানেলের কর্মীদের বেতন সহ সামগ্রিক দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার। তথ্য-সংস্কৃতি দফতর সিদ্ধান্ত নিয়েছিল, সারধার টিভি চ্যানেল ‘তারা টিভি’ দায়ভার নেবে সরকার এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ‘তারা’-কে পাঁচ কোটি টাকা দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সব মিলিয়ে প্রায় ছ’কোটি টাকা তারা-র অ্যাকাউন্টে গিয়েছিল বলে সংস্থা সূত্রে খবর। সেই সময় অত্রি ছিলেন ওই দফতরের সচিব। সেই তদন্তের জন্যই রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্র সচিবের দফতরে সিবিআই গোয়েন্দারা গিয়েছেন বলে খবর।
সূত্রের খবর, গত শুক্রবারেই সারধা তদন্তে পর্যটন সচিব অত্রি ভট্টাচার্যের অফিসে যায় সিবিআই। কিন্তু সরকারি কাজে ব্যস্ত থাকায় অত্রিব পরে কথা বলবেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানান। এরপরে বৃহস্পতিবার সিবিআই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে অত্রি ভট্টাচার্যের অফিসে আসেন। এদিন দুপুর দু’টো নাগাদ সিবিআই তদন্তকারীরা ওই অফিসে গিয়ে ছিলেন প্রায় আড়াই ঘণ্টা ছিলেন। এখন সিবিআই জানতে চায়, সেই সময়ে সরকার এই দায়িত্ব নিতে চাইলেও সচিব হিসেবে অত্রি ভট্টাচার্য কীভাবে তাতে সম্মতি দিয়েছিলেন ?
লক্ষ লক্ষ আমানতকারীর টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত সারধা সংস্থার মালিক সুদীপ্ত সেনকে গ্রেফতারের পরে সেই সরকারই কেন তাদের টিভি চ্যানেলে টাকা দিয়েছিল? সরকারি বাজেট থেকেও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দেওয়া হয়েছিল। সিবিআইয়ের প্রশ্ন, দানের টাকায় চলা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা কেন ওই চ্যানেলকে দেওয়া হল, এটা কি নিয়ম বিরুদ্ধ নয়? এ সব প্রশ্নের উত্তর পেতে তথ্য ও সংস্কৃতি দফতরের তৎকালীন সচিব অত্রি ভট্টাচার্যকে আগেই চিঠি দিয়েছিল সিবিআই। জবাবে সরকার জানিয়েছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে এমন সহায়তা করা হয়েছিল। সিবিআই ওই ফাইল চেয়ে পাঠালে সরকার তা দিয়ে দেয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news