চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
যেদিন ডায়মন্ড হারবারে (Diamond Harbour) আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাডডা (JP Nadda) সহ বরিষ্ঠ নেতারা। সেইদিন রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দিল্লির বাড়িতে কালি লেপে দিল একদল উত্তেজিত জনতা। ১৮৩, সাউথ অ্যাভিনিউতে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। দিল্লি গেলে তিনি সাংসদ কোটার এই বাড়িতেই থাকেন। রাজধানীতে কোনও কাজে গেলে এই বাড়িতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার রাতের দিকে সেখানেই চলল হামলা। বাড়ির দেওয়াল এবং অভিষেকের নামের ফলকে কালি লেপে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ছোঁড়া হয় ইট-পাটকেল। এই বাড়ি অদূরে সাউথ অ্যাভিনিউ থানা। রাত পর্যন্ত তৃণমূলের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি থানায়।
দলের সর্বভারতীয় সভাপতির ওপর হামলার ঘটনা যে বিজেপির (BJP) সর্বভারতীয় নেতৃত্ব ভালো চোখে দেখেননি, তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। শুধু জেপি নাড্ডাই নয়, আক্রান্ত হয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও অনুপম হাজরা। সেকথাও জেনেছেন দিল্লির নেতারা। মনে করা হচ্ছে এই ঘটনার পাল্টা জবাব দিতেই এই হামলা। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে ওই হামলার ছবি। কিন্তু, হামলাকারীদের হাতে কোনও দলের পতাকা দেখা যায়নি। বিজেপি এই হামলার দায় স্বীকার করেনি। কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হামলা যে বিজেপির মস্তিষ্কপ্রসূত, সে ব্যাপারে নিশ্চিত তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মনে করা হচ্ছে, শুক্রবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারে তৃণমূল (TMC) নেতৃত্ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news