চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত রোগীকে ধর্ষণের চেষ্টা করায় গ্রেফতার করা হল ডাক্তারকে। বুধবার অভিযুক্ত ডাক্তারকে গ্রেফতার করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অভিযোগ, সোমবার ২৫ বছর বয়সী এক মহিলা করোনা আক্রান্ত হয়ে আলীগড়ের দীনদয়াল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসা করার সময় ডাক্তার মহিলাটিকে ধর্ষণের চেষ্টা করেন।
পুলিশ সূত্রে খবর, দীনদয়াল হাসপাতালের এক ডাক্তারের বিরুদ্ধে যৌন নির্যাতন চালানোর অভিযোগ আনেন ওই হাসপাতালে ভর্তি এক মহিলা করোনা রোগী। অভিযোগের ভিত্তিতে ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কোয়ারান্টিনে রয়েছেন। তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ চলছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজে অভিযুক্ত ডাক্তার তুফেল আহমেদকে ওই মহিলার আইসলেশন ওয়ার্ডে ঢুকতে দেখা গিয়েছে। তারপরই মহিলা অভিযোগ আনেন, চিকিৎসা করতে এসে ওই ডাক্তার তাঁকে দুবার যৌন নিগ্রহ করার চেষ্টা করেন। এই অভিযোগের ভিত্তিতে ডাক্তারের বিরুদ্ধে যৌন নিগ্রহের চেষ্টা করায় ৩৫৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
উল্লেখ্য, ২৫ বছর বয়সী ওই মহিলা দিল্লিতে কাজ করেন। নিজের বাড়ি আলীগড়ে আসার পর তাঁর কোভিড পজিটিভ ধরা পড়ে। সোমবার চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news