চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
কাশির শব্দই বলে দেবে করোনা হয়েছে কিনা। কাশির শব্দের দ্বারা করোনা নির্ণয় পদ্ধতি নিয়ে গবেষণা শুরু করেছে ভারত ও নরওয়ের সরকার। দুই দেশ একযোগে একটি মোবাইল অ্যাপ তৈরি করছে। যার মাধ্যমে কাশির শব্দ নির্ণয় করা হবে। এই অ্যাপ তৈরিতে আইসিএমআরের চিকিৎসকরাও রয়েছেন। ভারতে এই বিষয়ে গবেষণা চলছে ভুবনেশ্বরে। আইসিএমআরের তত্ত্বাবধানে এই গবেষণা চালানো হচ্ছে।
জানা যাচ্ছে, প্রথমে দুই দেশের অনেক করোনা আক্রান্ত রোগীর কাশির শব্দ রেকর্ড করা হবে। সেই শব্দ অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। এবার ওই অ্যাপ ফোনে ইন্সটল করতে হবে। কোনও ব্যক্তির কাশি হলে তিনি অ্যাপ খুলে কাশলে বোঝা যাবে তার করোনা হয়েছে কিনা। এই গবেষণা প্রসঙ্গে ডঃ সংঘমিত্রা পতি বলেন, অ্যাপের মধ্যে যে কাশি রেকর্ড আছে তা সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির কাশি মেলানো হবে। মিলে গেলে করোনার উপসর্গ আছে ধরে নেওয়া হবে। আর কাশির শব্দ অ্যাপের সঙ্গে না মিললে করোনা নেই বলে ধরা হবে। তিনি আরও বলেন, এরকমই একটি গবেষণা এর আগে করা হয়েছিল নিউমোনিয়া রোগীর ক্ষেত্রে। সেখানে এক্স-রে ব্যবহার করা হবে।
তবে ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের দাবি, করোনা মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের অবস্থা অনেক ভালো। এখানে প্রতি ১০ লক্ষ লোকে আক্রান্তের সংখ্যা ৮৬৪ জন এবং মৃত্যুর সংখ্যা ২১ জন। অন্যান্য দেশের থেকে এখানে সংক্রমণের হার অনেক কম। ভারতে সুস্থ হার ৬৩.৪৫ শতাংশ। মৃত্যুর হার ২.৩ শতাংশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news